আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক ও শিক্ষক মো. সাজ্জাদুর বারী দুলাল।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী বাজারে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন তিনি।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। নির্বাচিত হলে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মো. সাজ্জাদুর বারী দুলাল বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ পর্যায়ক্রমে নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে জন্য স্থানীয়ভাবে শিক্ষা সহায়তার ব্যবস্থা গড়ে তোলারও চেষ্টা করবেন।
মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন এই চেয়ারম্যান প্রার্থী।
সাজ্জাদুর বারী দুলাল আরও বলেন, ইউনিয়ন পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি সাধারণ মানুষের সেবা প্রতিষ্ঠান। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবার জন্য সমানভাবে কাজ করবেন। জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, মো. সাজ্জাদুর বারী দুলাল জিন্দারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত ডা. মো. ইয়াকুব আলী ফকিরের ছেলে। তিনি কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণসংযোগ শেষে তিনি জিন্দারপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।