মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের মোট ১৪৪০ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসকল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৪০ জন কৃষকের প্রত্যেককে উফশী বোরো ৫ কেজি বোরো ধান কাটা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৬০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।