নানা আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে আজ (১৪ নভেম্বর ২০২৬) শনিবার পালিত হলো পার্বতীপুর ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারের ৩২-তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য: ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।
এ উপলক্ষে পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা, ডায়াবেটিস সচেতনতামূলক ক্যাম্পেইন, বর্ণাঢ্য শোভাযাত্রা, গুণীজন ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান এবং তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ। এ ছাড়া দিবসটির স্মরণে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ স্মরণিকা।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারে বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুণীজন ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকার প্রধান সার্জন অধ্যাপক ডাঃ মোঃ খাদেমুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ মোঃ মোখলেছুর রহমান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ আলতাফ হোসেন, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাবেক অধ্যাপক ফয়জুর রহমান, পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম মাহফুজ সহ পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আবুল কালাম আজাদ (নয়ন)।
আয়োজকরা জানান, দীর্ঘ ৩২ বছর ধরে স্বাস্থ্যসেবা প্রদানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে এবারের আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোফাক্ষারুল ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।