মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাণিসম্পদ-ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুরুতেই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রতিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ফিতাকেটে ও বেলুন উঁড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করে করেন আমন্ত্রিত অতিথিরা।
এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস) সামছুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক, খামারী আবুল হোসেন গাজী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ দপ্তর এদেশের মানুষের আমিষের যোগান দিতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এই দপ্তর এখন আর শুধুমাত্র বাড়িতে একটি গরু ও হাসমুরগির পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন বড় অর্থনীতির খাত। এই সেক্টরে দেশের হাজার হাজার তরুণ যুব কর্মস্থান সৃষ্টি হচ্ছে। অনেকে বাণিজ্যিকভাবে এই খাতকে বেছে নিয়েছে। প্রাণিসম্পদ দপ্তর মানুষের নিরাপদ আমিষের যোগান দিতে কাজ করছে। এর আগে জাতীয়ভাবে এই কর্মসূচি পালন করা হতো না। এবার থেকে জাতীয়ভাবে সপ্তাহব্যাপী নানা ধরণের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর উপজেলা ও খামারি পর্যায়ে ফ্রি ভ্যাকসিনেশন, প্রশিক্ষণ, প্রচার ও কর্মশালাসহ নানা ধরণের আয়োজন করা হয়েছে। প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধিই আমাদের প্রধান লক্ষ্য।
প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রদর্শনীর জন্য ৩০টি স্টল প্রদর্শন করা হয়েছে। স্টলগুলোতে বিভিন্ন ধরনের উন্নত জাতের মুরগী, পাখি, গাড়ল, গরু, ছাগল ও পশুখাদ্যের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।