সুজন শাজাহানপুরঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে শাজাহানপুর উপজেলায় প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন।
বক্তব্য প্রধান অতিথি বলেন, “দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমানের জন্মভূমি বগুড়ায় প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত করবে।” তিনি আরও বলেন, “বগুড়ার সার্বিক উন্নয়ন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়নে বিএনপির রাষ্ট্রক্ষমতায় যাওয়া অপরিহার্য।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনী মাঠে সাংগঠনিক ঐক্য বজায় রেখে সাধারণ ভোটারদের কাছে দলের কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে। ইতিবাচক রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা যুবদল, ছাত্রদল, মহিলা দল, ওলামা দল, শ্রমিক দল ও তাঁতী দলের নেতাকর্মীরা অংশ নেন।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।