শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রব্বানী। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
শুক্রবার বিকেলে শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতের যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম রব্বানী বলেন, “ক্ষমতার লোভে কিছু সংগঠন গণভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তিনি যুবকদের ঐক্যবদ্ধ হয়ে পাড়া-মহল্লায় গণভোটের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী এ দেশে হঠাৎ করে গড়ে ওঠেনি। আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড অপরিহার্য। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “নিরপেক্ষতা বজায় না রাখলে জনগণ তা মেনে নেবে না।”
তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য।
উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মাওলানা কাওছার আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াত যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।