দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ রবিবার (৯ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়। পরে দুপুর ১২ টার দিকে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি কার্লোস সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, সাবেক ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চলের (সিএমএলআরপি) কর্মসূচি কর্মকর্তা সীমা মুর্মু এবং সমাজকর্মী মৃনাল কান্তি।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও বৈচিত্র্যময় সংস্কৃতির ধারায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার স্বাতন্ত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আদিবাসী সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে।
আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন। এতে অনুষ্ঠানে ভিন্নমাত্রার সাংস্কৃতিক আবহ তৈরি হয়। অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।