মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, এ জেড এম রেজওয়ানুল হক মোট ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৪ হাজার ৭০২।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৬ হাজার ২৯৪ জন। সকাল থেকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর রেজওয়ানুল হকের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। তারা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়ী প্রার্থী রেজওয়ানুল হক সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই আসনের সর্বস্তরের জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। পার্বতীপুর ও ফুলবাড়ীর উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, দিনাজপুর-৫ আসনটি পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এবারকার নির্বাচনে এ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক বিজয় অর্জন করেন।