বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় মাসিক খাদ্যসহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৪৭ জন উপকারভোগীর প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মো. আপেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছা. শামছুন নাহার, হিসাব সহকারী আব্দুর রাজ্জাক, উদ্যোক্তা মো. এনামুল হক, ইউপি সদস্য মো. মোখলেছার রহমান ও মো. মাহবুব, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. গোলাপী বেগম, গ্রাম পুলিশ প্রধান শ্রী ফুলচান এবং গ্রাম পুলিশ সদস্য শ্রী তরুণ ও শ্রী রবীন্দ্রসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে অসচ্ছল ও হতদরিদ্র নারীদের নিয়মিত খাদ্যসহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।