আন্তর্জাতিক ডেস্ক :
গাজায় বর্তমানে নামমাত্র যুদ্ধবিরতি চলমান থাকলেও অঞ্চলটি ‘না যুদ্ধ, না শান্তি’ এমন এক প্রাণঘাতী অনিশ্চিত অবস্থার দিকে ধাবিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন কাতারের প্রধান কূটনীতিক মাজেদ আল-আনসারি।
গাজায় অনতিবিলম্বে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ও অস্থায়ী প্রশাসন গঠন করে পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ তৈরির তাগিদ জানিয়েছেন তিনি এমনটাই জানিয়েছে খবর দ্য গার্ডিয়ানের।
সেখানে আনসারি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি চাই না যেখানে যুদ্ধ নেই, কিন্তু মানুষ মারা যাচ্ছে এবং শান্তি নেই।’ তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে তৎপর হয়ে গাজার ক্ষতি মূল্যায়ন, পুনর্গঠনের প্রস্তুতি ও আনুষ্ঠানিকভাবে শান্তি রক্ষায় কাজ শুরু করতে হবে এবং সেটিই যুদ্ধের পরবর্তী ধাপকে টেকসই করবে।
তিনি উল্লেখ করেন, তৎপরতা গ্রহণে দেরি হলে এ ভূমিটির অসহায় অবস্থাই আরও প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কাও করেছেন তিনি। আনসারি জানান, কাতার ও আঞ্চলিক দেশগুলো চাইছে, এই বাহিনী যেনো অবশ্যই জাতিসংঘ সমর্থিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রচারিত সংবাদ বলছে, যুদ্ধবিরতির মধ্যেও টানা চার দিন ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার রাতেও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় হামাসের অভিযোগ, মৃত বন্দিদের দেহাবশেষ ফেরত দেওয়াকে ইস্যু করে যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে দিতে চাচ্ছেন নেতানিয়াহু প্রশাসন।
গতকাল মৃত ৩ জনের দেহাবশেষ পাঠানো হলেও ইসরায়েল বলছে দেহাবশেষগুলো তাদের কোনো বন্দির নয়। তবে রেড ক্রস জানিয়েছে, হামাস পর্যায়ক্রমে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিচ্ছে।
সূত্র : ‘দ্য গার্ডিয়ান’