মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন কর্মসূচি ও সড়ক অবরোধ করেছে উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এতে পার্বতীপুরের সাথে অন্যান্য জেলা-উপজেলার সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে জানা গেছে, প্রথম ধাপে বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা দিলেও স্থগিত রাখা হয় দিনাজপুর- ৫ আসনটি। কিন্তু গত ০৪ ডিসেম্বর, বৃহস্পতিবার এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নাম ঘোষণার পরপরই অস্থিতিশীল হয়ে ওঠেন এই এলাকার ভোটার ও সাধারন মানুষ। প্রায় সেদিন থেকেই আন্দোলন, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে আসছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য দিনাজপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের কর্মী, সমর্থক ও ভোটারগণ ছাড়াও শুভাকাঙ্খীরা।
গত বুধবার রাতে পুরো উপজেলায় মাইকিং করে বিএনপি’র পক্ষ থেকে সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের নতুন বাজারের কাপড় মার্কেট, স্বর্ণপট্টী, মনিহারি পট্টিসহ সকল দোকান পাট বন্ধ রেখে একাত্নতা প্রকাশ করেন ব্যবসায়ী ও সাধারন ভোটারগণ। সেই সাথে পাবতীপুরে অবস্থিত জ্বালানী তেল সরবরাহের রেল হেড অয়েল ডিপো থেকে উত্তরের আট জেলায় তেল সরবরাহ সকাল ৮ টা থেকে বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বরে টায়ারে আগুন দিয়ে কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করলে পার্বতীপুরের সাথে সড়ক পথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবুসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।