গ্রামীণ জনপদে নাগরিক সেবার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের আস্থা ও স্বস্তি। স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালত এখন সাধারণ মানুষের কাছে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে।
এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালতের কার্যক্রম এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। ফলে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় কমছে মামলা জট, বাড়ছে সামাজিক সম্প্রীতি ও জনস্বস্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম মঞ্জুর পরিচালনায় প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালিত হয়। মামলা দায়েরের পর দ্রুত শুনানির ব্যবস্থা করা হয় এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকে।
পাঁচ সদস্য বিশিষ্ট এই গ্রাম আদালতে আবেদনকারী ও বিবাদী পক্ষ থেকে দুজন করে প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে আদালত প্যানেল গঠন করা হয়। নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নারী সদস্য অন্তর্ভুক্তি বাধ্যতামূলক। উভয় পক্ষের বক্তব্য, সাক্ষ্য-প্রমাণ ও আলোচনার ভিত্তিতে দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধানের চেষ্টা করা হয়। ফলে অল্প সময় ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে।
গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান করা হচ্ছে। এতে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, পাশাপাশি সামাজিক সম্প্রীতিও বজায় থাকছে।”
তিনি আরও জানান, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত মামলার নিষ্পত্তি করা হয়। প্রায় ৩৬ হাজার মানুষের বসবাস এই ইউনিয়নে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসিমুল হক, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম আদালতের পেশকার মোঃ আজিজুল ইসলাম, উদ্যোক্তা সানজিদা আলম লিতা এবং আকরাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শামসুর রহমান লিচু, মোতালেব হোসেন, ফজলুর রহমান, আব্দুর রহমান এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ দিলরুবা, আতেফা ও জেসমিন আরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়মিত গ্রাম আদালত পরিচালনার ফলে জমিজমা, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিরোধ দ্রুত মীমাংসা হচ্ছে। এতে আদালতমুখী জটিলতা কমছে এবং গ্রামীণ সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকছে। একই সঙ্গে মানুষের ভোগান্তি কমে এসেছে এবং বেড়েছে নাগরিক সেবার মান।
এলাকাবাসীর মতে, চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম মঞ্জুর প্রশাসনিক দক্ষতা, সুশাসন ও সাংগঠনিক কার্যক্রমের ফলে দিন দিন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবার পরিধি বৃদ্ধি পাচ্ছে।
তাদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তৃণমূল পর্যায়ে বিচারপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। পাশাপাশি গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম আদালত ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।