রাজবাড়ীতে “সর্বজনীন বাসস্থান, টেকসইনগরায়ণ” প্রতিপাদ্য ধারণ করে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. তৌহিদুল ইসলাম। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কল্যাণ চৌধুরী, সিভিল সার্জন এস. এম মাসুদ, সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।
এসময় বক্তারা বলেন দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সকলের জন্য একটি নিরাপদ বাসস্থান দরকার। অনেকেই সরকারি নিয়মকানুন না মেনেই বহুতল ভবন নির্মাণ করছেন। খাল ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। আমরা এমন একটি বাসস্থান গড়তে চাই যেখানে খেলার মাঠ থাকবে, মসজিদ থাকবে, মন্দির থাকবে।
সরকারি কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। যাতে যে কোন দুর্যোগ থেকে আমরা সকলেই নিরাপদে থাকতে পারি।