রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এই রায় দেন। কারাদন্ডের পাশাপাশি আসামিকে পাঁচলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামির নাম শহীদুল ইসলাম (৪৫)। তিনি বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া এলাকার মোকছেদ ফকীরের ছেলে। রায়ের সময় তিনি অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাতে শহীদুলের স্ত্রী মেয়ের সঙ্গে তার ধস্তাধস্তি দেখতে পান। এ সময় স্ত্রীকে দেখে শহীদুল ঘর থেকে বের হয়ে যান। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে তার বাবার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে ধর্ষণের অভিযোগ করে। এ ঘটনায় মেয়েটির মা বালিয়াকান্দি থানায় মামলা করেন।
রাজবাড়ী আদালতের সরকারি কৌঁশলি জাহিদ উদ্দিন বলেন, দীর্ঘ শুনানীর শেষে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।