দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান অমল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) ভোরে পার্বতীপুর পৌর শহরের জাহানাবাদ কেরুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান ইব্রাহিমনগর এলাকার বাবু হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কয়েকজন ব্যক্তি বিদ্যুতের খুঁটিতে উঠে তার কাটার চেষ্টা করছিলেন। একপর্যায়ে সাইদুর রহমান বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন একটি ধানক্ষেতে সাইদুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ জানায়, সাইদুরের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিলো। প্রায় দুই মাস আগে চুরির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছিলো।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং চুরির সঙ্গে জড়িত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।