রাজবাড়ীর পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় চালুর মাত্র একদিন পরেই ফের বন্ধ হলো ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের ফেরি চলাচল।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।
তিনি বলেন, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌ-পথে ড্রেজিংয়ের জন্য গত ২২ সেপ্টেম্বর তারিখে বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজিং ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে। ড্রেজিং না হওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
এরআগে, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে এ নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে টানা ৬ দিন বন্ধ থাকার পর স্রোতের তীব্রতা কমায় গত রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪ টা থেকে এ ফেরি চলাচল শুরু হয়।