রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে গাছ কেটে বিক্রি ও অর্থ আত্মসাৎ, জমি বেদখলের অপচেষ্টা, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
গত সোমবার দুপুরে শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামস্থ ভুক্তভোগী পরিবারের বাসভবনে অভিযুক্ত বি.এম আমিরুল ইসলাম আকাশের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবার অভিযুক্ত বিএম আমিরুল ইসলাম আকাশ ও এনামুল কবির ইরানসহ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে গাছ কেটে অর্থ আত্মসাৎ, জমি বেদখলের চক্রান্ত এবং তাদের বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা: মিজানুর রহমানের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী কষ্ট করে টাকা দিয়ে আকাশের চাচার কাছ থেকেই রামপুর মৌজার ১৩৫নং দাগে ৬৪শতাংশ জমি বৈধভাবে কেনেন। এতদিন কোনো সমস্যা না থাকলেও সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আকাশ ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের বাগানের ১৫ থেকে ২০ লক্ষ টাকার মেহগনি গাছ কেটে বিক্রি করে দেয়। এ ঘটনায় চলতি বছরের গত ২০ জানুয়ারি আমার ছেলে আব্দুর রব বাদী হয়ে রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং আদালতে মামলা চলমান রয়েছে। অথচ আজ তারা উল্টো আমাদের ও আমাদের সাহায্যকারী জনপ্রতিনিধির বিরুদ্ধে জমি দখলের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে অপর ভুক্তভোগী জেসমিন নাহার বলেন, আমাদের কেনা ও বিএস রেকর্ডভুক্ত জমিতে আকাশ ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক দখল বজায় রাখতে একের পর এক হামলা চালাচ্ছে। অবৈধ গাছ কাটার মামলা ও আইনি ঝামেলা থেকে বাঁচতে এবং আমাদের সম্পত্তি গ্রাস করতে তারা এখন নানা ষড়যন্ত্রের জাল বুনছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এই ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে ১নং ওয়ার্ড সদস্য মো: গোলাম হোসেন ফরিদ বলেন, আমি ২০১১ সাল থেকে সততা ও নিষ্ঠার সাথে ১নং ওয়ার্ডবাসীর সেবা করে আসছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এবং এলাকায় মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় চিহ্নিত মাদকাসক্ত ও সন্ত্রাসী বি.এম আমিরুল ইসলাম আকাশ আমার বিরুদ্ধে বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। জমির প্রকৃত মালিক ডা: মিজানুর রহমান ১৯৮৭ সালে বৈধভাবে জমিটি ক্রয়ের পর থেকে ভোগদখল করে আসছেন; কিন্তু সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আকাশ ও তার লোকজন সেই বাগানের ১৫-২০ লাখ টাকার মেহগনি গাছ কেটে আত্মসাৎ করেছে।
তিনি আরও বলেন, গত ৪ অক্টোবর ভুক্তভোগী পরিবার জমিতে বেড়া দিতে গেলে আকাশ ৯৯৯-এ ফোন করে বিভ্রান্তি সৃষ্টি করে। তখন একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে সেখানে গিয়েছিলাম। অথচ গত ১৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরবর্তীতে একটি নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে ‘সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল’-এর বানোয়াট তথ্য ছড়ানো হয়। এর সাথে জমি দখলের কোনো দূরতম সম্পর্ক নেই, বরং আসন্ন নির্বাচনে আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এ ধরনের বানোয়াট সংবাদ ও অপপ্রচার বন্ধের দাবি জানানো হয় এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।