দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হতে যাচ্ছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামালগঞ্জ রেলস্টেশন। স্টেশনটির অবকাঠামোগত সংস্কারকাজ সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় জামালগঞ্জ জিটিসি মোড়ে রেলস্টেশনটি পুনরায় চালু এবং ‘ক্লোজিং ডাউন’ প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, জামালগঞ্জ রেলস্টেশন পুনরায় চালুর বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্টেশনটির নিচু প্ল্যাটফর্ম উঁচু করা এবং নষ্ট হয়ে যাওয়া রেললাইনের স্লিপার সংস্কারের কাজ সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে স্টেশনটি সচল করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আপাতত ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা সম্ভব না হলেও রাজশাহী ও খুলনাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ রেলস্টেশন বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষক ও ব্যবসায়ীদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে নানা ধরনের পরিবহন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ফলে স্থানীয় যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে দীর্ঘ ১৬ বছর পর স্টেশনটি পুনরায় চালুর আশ্বাসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, জামালগঞ্জ রেলস্টেশন চালু হলে যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরবে।