,জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতামূলক আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একযোগে সারাদেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।