মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিলাদ ও দোয়ার তবারক মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
রোগীদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি থাকা ৮ জন হলেন-বহরপুর গ্রামের বাসিন্দা এবং ওই মসজিদের মোয়াজ্জিন মোজাম্মেল শেখ (৬৫), বহরপুর গ্রামের মৃত শফিজউদ্দিন শেখের ছেলে আরিফ শেখ (৩২), মিন্টু শেখ (৩৫), সালাউদ্দিন শেখের ছেলে শিহাব শেখ (১৮), মাসুম শেখের ছেলে সোহান শেখ (১৭), আনয়ার মন্ডলের ছেলে রিমন মন্ডল (১৭), এলেম শেখের ছেলে মিনার শেখ (২২) ও আলী শেখের ছেলে সোহান শেখ (১৯)।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা চার জন হলেন- বহরপুর গ্রামের শফিউদ্দিন শেখের ছেলে বনি আমিন (৩০), রাজু শেখের ছেলে মাহিম শেখ (১৬), রাজ্জাক শেখের ছেলে মোরসালিন শেখ (১২) ও মোস্তাফিজুর রহমান (৭)।
রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানান, শুক্রবার রাতে শবে বরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মসজিদের কোষাধ্যক্ষ কয়েকজনকে চমচম খেতে দেয়। এই চমচম খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পরেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, তারা খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে। এদের মধ্যে চারজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুরে হাসপাতালে পাঠানো হয়। অন্যরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়ার তবারক মিষ্টি খেয়ে ১২ জন অসুস্থ হয়েছেন। তাদেরকে ওই মিষ্টির প্যাকেট দিয়েছিলেন মসজিদের কোষাধ্যক্ষ আব্দুল খালেক। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল খালেক ও জিল্লু নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।