মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
আন্তুর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় প্রদানের উচ্ছাসে রাজবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৫ টার দিকে রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
জানা গেছে, এ বিজয় মিছিলে অংশ নেওয়ার জন্য বেলা ৩ টা থেকেই রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে হতে থাকেন নেতাকর্মীরা। এরপর রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে প্রধান সড়কপথে পান্না চত্ত্বর ঘুরে এসে বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি ফলক চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রাজবাডী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল করিম শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুব দলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিকবর হোসেন প্যারিস প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা দেশে ফ্যাসিস্ট শাসন পরিচালনা করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। সোমবার জুলাই হত্যাকান্ডের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ফাঁসির আদেশ হয়েছে। কিন্তু শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না। তাকে দ্রুত দেশে ফিরে এনে ফাসির রায় কার্যকর করতে হবে।
এসময় বালিয়াকান্দি উপজেলার এক নেতা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদকে নিয়ে বাজে মন্তব্য করায় তীব্র প্রতিবাদ জানান তারা।
এছাড়াও সম্প্রতি গোয়ালন্দ মোড়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এবিষয়ে জেলা বিএনপিকে ধন্যবাদ জানান তারা।