মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ী জেলায় গভীর শোকের আবহ বিরাজ করছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোক কর্মসূচি শুরু করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। সকালে শোক কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে দুপুরে জেলা বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখানে একটি শোক বইতে নেতাকর্মীরা স্বাক্ষর করেন। এতে অংশ নেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুণ অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সদস্য আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ধারণের দোয়া করা হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম অগ্রদূত। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোক কর্মসূচিকে কেন্দ্র করে জেলা বিএনপির কার্যালয়ে দিনভর নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকায় নীরব ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।