মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ
পার্বতীপুর বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৯ম আসরের ফাইনাল খেলায় খান ব্রাদার্স নীলফামারী চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে। এই বাৎসরিক টুর্নামেন্টে তারা প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। ফাইনাল খেলায় তারা মনপুরা মাঠের এক বারের চ্যাম্পিয়ন ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুর দলকে ২-০ গোলে পরাজিত করে। খেলা শুরুর প্রথমার্ধের ৩০ মিনিটে শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে যায় খান ব্রাদার্স নীলফামারী। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পোবোর আরও একটি গোলে ২-০ গোলে এগিয়ে যায় তারা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে সৈয়দপুর শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং নীলফামারী দলের বিজয় সুনিশ্চিত হয়।
আজ শুক্রবার (৩০ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক মনপুরা উন্মুক্ত মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দীনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম, এ ফারুক সহ উন্মুক্ত মাঠের জমিদাতা সদস্যবৃন্দ, পুলিশ, সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উত্তরবঙ্গের মিনি বিশ্বকাপ হিসেবে খ্যাত খেলাটিতে কানায় কানায় দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায়, অনেকের ধারনা আজকের খেলায় উপস্থিত প্রায় ২০ হাজার দর্শক সকলেই ধৈর্য সহকারে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। বিশেষ করে অনেক নারী দর্শককেও খেলাটি উপভোগ করতে দেখা যায় এবং নামাজের জন্য বিশেষ জায়গারও ব্যবস্থা ছিলো। বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব জানান, তাদের ক্লাবের সকল সদস্যবৃন্দ চৌকস স্বেচ্ছাসেবকগন দ্বারা পুরো মাঠ এবং গ্যারেজের কঠোর নিরাপত্তা সাধন করেন।
খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ও স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবনার রেফারী তুষার সরকার, তার সহকারী দু’জন ছিলেন, জসিম ও সুশান্ত সরকার। উল্লেখ্য ২০২৫ সালের ২৬ ডিসেম্বর শুরু হওয়া নকআউট ভিত্তিক ৮ দলের এই টুর্নামেন্টটিতে মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো।ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী নীলফামারী দলের স্ট্রাইকার শাহরিয়ার ইমন ও ম্যান অব দ্য টুর্নামেন্ট একই দলের আবু সাঈদ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ ও ট্রফি এবং রানার-আপ দলকে ১ লক্ষ টাকা নগদ অর্থ ও ট্রফি প্রাইজমানি হিসেবে প্রদান করে টুর্নামেন্টের আয়োজক কমিটি। সবগুলো পুরস্কারই বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ওসি এমএ ফারুক।