ব্রেকিং নিউজ কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিতজয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানাছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্পে সাংগঠনিক কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিতজাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা সম্পন্ন; বিজয়ীদের পুরস্কার বিতরণ

মনোহরদীতে টানা বৃষ্টিতে পাকা সড়ক নদীগর্ভে বিলীন, দ্রুত সংস্কার কাজ শুরু

মো. হিমেল মিয়া,
মনোহরদী নরসিংদীঃ

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর এলাকায় টানা দুই দিনের ভারী বর্ষণে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক ভেঙে ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে চরম দুর্ভোগ ও উদ্বেগের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মিতালী সমিতির মোড় থেকে দফেদার ঘাট হয়ে জে.আর.এস স্কুল পর্যন্ত ঈদগাঁহ মাঠ সংলগ্ন এই সড়কটি ছিল এলাকাবাসীর অন্যতম প্রধান যোগাযোগ পথ। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা এই সড়ক ব্যবহার করে চলাচল করতেন। কিন্তু হঠাৎ সড়কটি ধসে নদীতে বিলীন হয়ে যাওয়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। অনেকেই নির্ধারিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ অন্যান্য কাজেও চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ভাঙা অংশ দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের বিপদের কারণ হতে পারে।
এছাড়া টানা বর্ষণে এলাকার বিভিন্ন সবজি ক্ষেত ও ধানখেত পানিতে তলিয়ে গেছে। এতে করে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের কষ্টার্জিত ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে আজ সকাল থেকেই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের কাজ শুরু করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, মনোহরদী উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের উদ্যোগে দ্রুত এই কাজ শুরু হওয়ায় এলাকাবাসী কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তারা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং কাজটি যেন দ্রুত ও টেকসইভাবে সম্পন্ন করা হয়, সেই দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, যথাযথ পরিকল্পনা ও মানসম্মত নির্মাণের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনর্নির্মাণ করা হবে এবং নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

লেখক