রাজবাড়ীতে বাড়ি থেকে বাড়ির পাশে একটি দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় ওই যুবকের কোলে থাকা সাড়ে তিনবছরের এক শিশু আহত হয়েছে। তবে শিশুটি এখন শঙ্কামুক্ত। বুধবার (২৯ এপ্রিল) সকালে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎখোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মজ্জৎখোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। প্রতক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে সুমন তার মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশে একটি দোকানে কিছু কেনাকাটা করতে যাচ্ছিলেন। এসময় তিনি বজ্রপাতে শিকার হন। তাকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বজ্রাঘাতের সময় সুমনের কোলে থাকা শিশুসন্তানটি ছিটকে পড়ে আহত হয়। তবে শিশুটি এখন শঙ্কামুক্ত বলে জানা যায়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও মিজানপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. জনি খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বজ্রপাতে শিকার হয়ে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় নিহতের কোলে থাকা এক শিশু সন্তান আহত হয়। তবে সে এখন শঙ্কামুক্ত।