‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে, ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজারে র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি পার্বতীপুর শাখার আয়োজনে আজ সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পূবালী ব্যাংকের দিনাজপুর জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।
পূবালী ব্যাংক পিএলসি পার্বতীপুর শাখার কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় ও পার্বতীপুর শাখার ব্যবস্থাপক আহসানুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ৬ নং মোমিনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম, ভবের বাজার বনিক সমিতির সভাপতি সারওয়ার হোসেন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন ,‘বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো যখন মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করে, তখন তা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে।
তিনি আরও বলেন, ‘ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক কার্যক্রম যেমন দ্রুত ও সহজ হয়, তেমনি এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।’
পূবালী ব্যাংক পার্বতীপুর শাখার ব্যবস্থাপক আহসানুল হক বলেন, ‘ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না বরং এটি স্বচ্ছ নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ সময় তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা আরও বিশদভাবে তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।