রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম-পিপিএম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতেই পরিচিতি পর্বের পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক সমস্যা, যেমন- মাদক, তীব্র যানজটের পাশাপাশি সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র নবাগত পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।