রাজবাড়ীতে নানা আয়োজনে কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদিতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে বাংলা একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।
শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান খোকন।
এসময় মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দীর্ঘ সতেরো বছর এদেশে শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোন উদ্যোগ নেওয়া হয় নি। শিক্ষা ধ্বংস করা হয়েছে। খাতায় লেখুক আর না লেখুক নব্বই শতাংশ পাশ দেখানো হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ধ্বংস করা হয়েছে। সংস্কৃতির বিপরীতে মাদকের বিকাশ ঘটানো হয়েছে। বিগত সময়ে শিক্ষা ও সমতার কথা ভাবা হয়নি। অথচ শিক্ষা ও সমতার মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব।
মন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের অবদান অসামান্য। তিনি শুধু একজন কবি বা ঔপন্যাসিক ছিলেন না।
তিনি ছিলেন নাট্যকার, কথাশিল্পী, সাংবাদিক ও প্রমোদরসিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তিনি আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ।
মন্ত্রী আরও বলেন, মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্থানকে আমরা আমাদের হেরিটেজ প্রপার্টি বা ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে ঘোষণা করেছি। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে প্রতিবছর এখানে তার জন্মবার্ষিকী পালন করা হয়। চাইলে ঢাকায়ও এ আয়োজন করা সম্ভব ছিল। কিন্তু যেখানে তার স্মৃতি ও সমাধি রয়েছে, সেখানেই আমরা দিবসটি পালন করতে চাই। এরমধ্যে দিয়ে স্থানীয় মানুষের মধ্যে মীর মশাররফ হোসেনের স্মৃতি ও সাহিত্যকর্মকে ধারণ করার সুযোগ তৈরি হয়।
তার স্মৃতি যেন এই অঞ্চলের মানুষের মধ্যে চিরজীবন্ত থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে। তিনি উপন্যাস বিষাদ-সিন্ধু ও জমিদার দর্পণ নাটকের রচয়িতা। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর তিনি বালিয়াকান্দির পদমদীতে মৃত্যুবরণ করেন।