দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ৬০ বছর বয়সী এক নারী। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নে এসব ঘটনা ঘটে। পরপর তিনটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায় দুই শিশু। নিহতরা হলো—ওই গ্রামের রানা বাবুর ৩ বছর বয়সী ছেলে সালমান রহমান এবং শহিদুল হকের ৭ বছর বয়সী মেয়ে ইশরাত জাহান ইভা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে শিশু দুটি বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত ছোট শিশু সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ইভাও পানিতে নামে। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে তাদের মৃত্যু হয়।
এদিকে, একই ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে সাপের কামড়ে মারা গেছেন জাহানারা বেগম (৬০) নামে এক নারী। তিনি মৃত মনিরউদ্দিনের স্ত্রী। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রান্নার কাজে ব্যবহারের জন্য কলাপাতার জ্বালানি সংগ্রহ করতে গেলে সাপের কামড়ে আক্রান্ত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
একই ইউনিয়নে পৃথক ঘটনায় তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পাশাপাশি পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।