নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিটন বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার চকতারতা গ্রামের সালে ফেরদৌসের মেহগনি বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন লিটন বাবুকে আটক করে তল্লাশি করা হলে তার হাতে থাকা কালো রঙের শপিং ব্যাগ থেকে ১৫ পাতা, প্রতি পাতায় ১০টি করে মোট ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লিটন বাবু নওগাঁ সদর উপজেলার দাসকান্দি গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।