আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১১ দলীয় জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে পার্বতীপুর প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. আব্দুল আহাদ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে এবং পৌরসভায় মেয়র ও প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। তবে ১১ দলীয় জোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় পার্বতীপুরের মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডা. আহাদ আলী বলেন, মাদকের ভয়াবহ ছোবলে পার্বতীপুরের যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের একটি তালিকা থানা পুলিশকে দেওয়া হয়েছে। ওই তালিকার ভিত্তিতে পুলিশ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করেছে।
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের একটি শক্তিশালী সিন্ডিকেট পার্বতীপুরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এ কারণে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে পুলিশ প্রশাসনও বাঁধার সম্মুখীন হচ্ছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে।
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং মাদকমুক্ত পার্বতীপুর গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।