রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আজিজুল বেপারী (২৭) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আজিজুল ব্যাপারী আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোস্তাফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে চাকরি করতেন।
আহতরা হলেন আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের হাসান শেখ (৮৫) ও রাজবাড়ী পৌর শহরের শ্রীপুর এলাকার নয়ন (২৫)।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, আজিজুল বেপারী মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। তার সঙ্গে নয়ন নামে এক বন্ধু ছিলেন। নতুন রাস্তার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই আজিজুল নিহত হন।
নিহত আজিজুলের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল সিলেটে সেনাবাহিনীর চাকরি করতো। সে দুই মাসের ছুটিতে এসেছিল। আগামিকাল (বুধবার) আজিজুলের চলে যাওয়ার কথা ছিল। আজ তার বন্ধু নয়নকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখি সে আর নেই।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজীব দে সরকার বলেন, এম্ব্যুলেন্সে করে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আজিজুলকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি দুজনকে উন্নত চিকিৎসা জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘সড়ক দুর্ঘঘটনায় সেনা সদস্যের নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।