রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে লোকোমাস্টার সরওয়ার আলম সেলিমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারী যান্ত্রিক প্রকৌশলী (অপারেশন-১) মো. গোলাম মোস্তফা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ী লোকোসেডের উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আহ্বায়ক শফিকুর রহমান খান। এতে আরও বক্তব্য দেন রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত, রেলওয়ে গার্ড কাউন্সিলের রাজবাড়ী জেলা শাখার সম্পাদক রেজাউল করীম, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের রাজবাড়ী রেলওয়েতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, পরিবারের সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংবর্ধিত ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরআগে সরওয়ার আলম সেলিম ঢাকা থেকে আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেসে লোকামাস্টার হিসেবে পৌছান। সেখানে তিনি লোকোমাস্টার হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
বক্তারা বলেন, সরওয়ার আলম সেলিম লোকোমাস্টার হিসেবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি তিনি সহকর্মীদের অধিকার আদায়ে ছিলেন অত্যন্ত স্বোচ্চার। দাবি আদায়ে যে কোন আন্দোলনে তিনি থাকতেন সামনের সারিতে। সহকর্মীদের বিপদে বাড়িয়ে দিতেন সহযোগিতার হাত। একজন লোকোমাস্টার হিসেবে ট্রেনের সিডিউল রক্ষায় তিনি তাঁর দক্ষতার প্রমাণ করেছেন বারবার। একারণে তাকে বড় বড় ট্রেনের লোকোমাস্টার হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হতো। তিনিও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করতেন।