সুজন, শাজাহানপুর (বগুড়া):
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকারে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত আলোচনা সভায় শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহতাব উদ্দিন সন্টু।
সভায় বক্তারা বলেন, বিএনপি কখনোই জনগণের অধিকার আদায়ের প্রশ্নে আপস করেনি। দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার সংকুচিত থাকায় সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। সেই পরিবর্তনের পথ দেখাতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ত্যাগ ও সাহসিকতার সঙ্গে রাজপথে সক্রিয় থাকতে হবে।
আলোচনা সভা থেকে নেতাকর্মীদের প্রতি ধানের শীষ প্রতীকের পক্ষে ঘরে ঘরে গিয়ে জনমত গঠনের আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, বিএনপি নেতা শামিমসহ আমরুল ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা কমিটির উপদেষ্টা, আহ্বায়ক, সদস্য সচিব এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।