নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ( ২৪ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।
জানা গেছে, ঈদে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনের ফিটনেস, গাড়ি ও চালকের কাগজপত্র, লাইসেন্সের বিষয়ে তদারকি করা হয়। এসময় ঢাকামুখী গোল্ডেন লাইনের একটি বাসের ভেতরের যাত্রীরা অভিযোগ করেন তাদের কাছ থেকে ৮০০ টাকার ভাড়া ১ হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে । যাত্রীদের কাছে থাকা টিকিটেও এই সত্যতা পাওয়া যায়। এসময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে বলা আছে যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় কোন সুযোগ নেই। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি সাধারণ এসি বাসে ঢাকার নিয়মিত ভাড়া ৮০০ টাকা। সেখানে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। কালুখালী থেকেও একই ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় প্রয়োজন অনুযায়ী এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।