ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ৬ জনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন—পারভেজ, সিফাত, মাহিম, শাহীন, তাওহিদ ও নাঈম। তারা বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের কিছু হ্যান্ড পতাকাও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা ছাত্রলীগের কোনো পদধারী নেতা-কর্মী কি না—এ বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, “জিজ্ঞাসাবাদে তারা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি। ফলে তারা ছাত্রলীগের কোনো পদে রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসি বলেন, “আগস্ট মাসকে কেন্দ্র করে কিছু ছাত্রলীগ কর্মী বেতাগী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হতে শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে আমি নিজে থানার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও ৬ জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

লেখক