রাজবাড়ীতে আসন্ন কাপড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদের প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে রাজবাড়ী জেলার শহরের কাপড় বাজারগুলো। এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে ঘিরে বাজারের বিভিন্ন দোকানে জনসংযোগ করেছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যবসায়ী এস এ ছামী।
সরেজমিনে দেখা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজার ফলবাজার মোড়ে অবস্থিত মেসার্স ঢালী গার্মেন্টস থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন এস এ ছামী। এসময় তার সাথে অংশ নেন কাপড় বাজারের বিভিন্ন ছোট বড় শতাধিক ব্যবসায়ীরা। পর্যায়ক্রমে কাদেরিয়া সুপার মার্কেটের বিভিন্ন ফ্লোরে, আক্কাস আলী মিয়া মার্কেট, কাজী প্লাজা, সাহা সুপার মার্কেট, স্বর্ণকমল মার্কেটসহ নির্বাচনী অন্তর্ভুক্ত সকল মার্কেটের কাপড় ব্যবসায়ীদের দোকানে গিয়ে তিনি এ জনসংযোগ করেন।

এসময় সহ-সাধারণ পদপ্রার্থী এস এ ছামী প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে করমর্দন ও কুশল বিনিময় করেন।
জানা গেছে, গতমাসে (সেপ্টেম্বর) অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের অক্টোবর মাসের ২০ তারিখের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সূচী বা তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগেই প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটের মাঠে জানান দিচ্ছেন তাদের প্রার্থীতা। নির্বাচনী প্রচারণায় ও বিভিন্ন প্রার্থীর সমর্থকদের স্লোগানে উৎসবমুখর হয়ে উঠছে বাজারটি।
ব্যবসায়ী শফিকুর রহমান মন্টু বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলস্বরূপ প্রায় ২০ বছর পর কাপড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনু্ষ্ঠিত হতে চলেছে। আমরা নির্বাচনটিকে নিয়ে খুবই উচ্ছ্বসিত। প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সহ-সাধারণ পদপ্রার্থী এস এ ছামী একজন যোগ্য প্রার্থী এবং যুবক। আমরা যুবদের নির্বাচিত করার মাধ্যমে আমাদের পরবর্তী নেতৃত্বকে বাস্তবায়ন করতে চাই।

আরেকজন ব্যবসায়ী ও সংগঠনটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজিবুর রহমান টিকু বলেন, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি নিশ্চিত করেছেন এবার কাপড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হোক।
প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, এবার বেশ কিছু যুবক ব্যবসায়ীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখছি। যেটি অত্যন্ত আনন্দের বিষয়। পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এ ছামী একজন শিক্ষিত ও যোগ্যপ্রার্থী। আমরা তার সফলতা কামনা করি। এসময় নির্বাচনের মাঠেসহ সার্বক্ষণিক তার পাশে থেকে তাকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন এই ।
এসময় আগামী দিনের ব্যবসায়ীদের সকল সমস্যা নিরসনের পাশাপাশি উপযুক্ত দাবিগুলো বাস্তবায়ন করা এবং সংগঠনটিকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এ প্রার্থী এস এ ছামী ।