রাজবাড়ীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে দুই শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটীপাড়া কাজী ছমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী নাগরিক ফোরামের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নাগরিক ফোরামের নিজ অর্থায়নে দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৯ টায় ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে চিকিৎসকরা রোগীদের দেখে ব্যবস্থাপত্র প্রদান করেন। এসময় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে মেডিসিন, কিডনী, শিশু, যৌন, ডায়াবেটিকস, গাইনী ও প্রসূতিসহ সাধারণ রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন, সাবেক সিভিল সার্জন মো. নুরুল আমিন, জেলা সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক রহমতুন্নেসা কেয়া, পিজি হাসপাতালের জেনারেল ল্যাপারোস্কোপিক পুরুষ প্রজননতন্ত্র-বন্ধ্যাত্ব ও যৌনরোগ বিশেষজ্ঞ সার্জন মো. সুলতান উদ্দিন জাহিদ, ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ কমল কুমার দাস ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ রহমত আলী শেখ।
মাথাব্যাথা জনিত কারণে ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছেন ৫৫ বছর বয়সী মালা বেগম। তিনি বলেন, আমার স্বামীও অসুস্থ। ‘বাইরে ডাক্তারের কাছে গেলে ৬০০ থেকে ৭০০ টাকা দিতে হয়। আমার মাথা ব্যাথা রোগ আছে। বাইরের ডাক্তারের কাছে যাওয়া হয় না। মাইকিংয়ের মাধ্যমে জানতে পেরে এখানে এসেছি। একজন ডাক্তারকে দেখিয়েছি। কতগুলো ওষুধও দিয়েছে। দেখি কি হয়।’
লক্ষী রাণী নামে আরেক রোগী বলেন, ‘আমার ডায়াবেটিকস আছে। এখানে এসে ডাক্তার দেখিয়েছি। তিন প্রকারের ওষুধ পেয়েছি। এতে আমার অনেক উপকার হয়েছে।’
আবুল কাশেম নামে আরেক ব্যক্তি বলেন, ‘আমাদের মত গরীব মানুষ টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে না। এই ক্যাম্পের মাধ্যমে আমি ও আমার পরিবারের দুই সদস্য এখানে ডাক্তার দেখিয়েছি। আমাকে কিছু ওষুধ দিয়েছে। কিছু ওষুধ বাজার থেকে কিনতে হবে। মাঝে মধ্যে এধরণের ক্যাম্প হলে আমাদের জন্য ভালো হয়।’
ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কমল কুমার বলেন, ‘এই এলাকাতে অনেক গরীব মানুষ বসবাস করে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমি এখানে সেবা দিতে এসেছি। চর্ম, যৌন ও ডায়াবেটিকস রোগীদের আমি সেবা প্রদান করছি। যাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে তাদেরকে একটি বড় ধরণের ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। তার বাইরে থেকে সেগুলো করতে পারবে। সাধারণ মানুষকে সেবা প্রদান করে নিজের কাছে খুবই ভালো লাগছে।’
মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. হেলাল উদ্দিন সরদার বলেন, এক বছরের বেশি সময় ধরে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপনসহ বিভিন্ন ধরণের সমাজসেবামূল কর্মকান্ড করা হয়েছে। তার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আজ দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া রোগীদের পর্যাপ্ত ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। আমরা এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্ট করবো।