বরগুনার বেতাগী উপজেলার করুনা গ্রামে নিজেদের পুরোনো বসতভিটায় নতুন করে ঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন সৌদিপ্রবাসী মোঃ জসিম হাওলাদার ।
এ ঘটনায় তাঁর ঘর নির্মাণকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জসিম হাওলাদার মৃত হাকিম হাওলাদারের একমাত্র ছেলে। তিনি এ বছর দেশে এসে নিজেদের পুরোনো বসতভিটায় নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেন। তবে তাঁর চাচা আঃ জলিল হাওলাদার এতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জসিম।
জসিম হাওলাদার বলেন, আমার চাচা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, যাতে আমি পুরোনো ভিটায় নতুন করে ঘর তুলতে না পারি। ঘর নির্মাণের জন্য মিস্ত্রি কাজে নিয়েছি। কিন্তু কাজ বন্ধ থাকায় তাঁদের বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। এই মুহূর্তে আমাকে সহযোগিতা করার মতো কোনো আত্মীয়স্বজনও পাশে নেই। জমি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে আঃ জলিল হাওলাদার বলেন, আমার জমি আমাকে বুঝিয়ে না দিয়ে তারা ঘর তুলতে গেলে আমি আদালতে ৪৪/৪৫ ধারায় মামলা করেছি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। তাঁদের মতে, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা উচিত, যাতে বিরোধের অবসান ঘটে।
এদিকে, জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধের কারণে ঘর নির্মাণকাজ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। আদালতে চলমান মামলার নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে বিষয়টির আইনগত সমাধান হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।