কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার প্রসার ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আজ সোমবার (১২ অক্টোবর) পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ। এ সময় উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী রুবিনা পারভীন রুবি, নেত্রী শাহিদা খাতুন শাহী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, কন্যাশিশুর বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।
অনুষ্ঠানের অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজনে সহযোগিতা করে LAIE ইসিএম ফেজ-৩ প্রকল্প, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, বারকোনা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমিতিগুলো।