রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০ বছর পূর্তি উৎযাপন করল রাজবাড়ী শিশু সংসদ । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর (শুক্রবার) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান । এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল । সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ।
এসময় ড. মুহাম্মদ জাফর ইকবাল শিশুদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কল্পনা করা । সামনে যে পৃথিবী আসছে সেখানে তোমাদের কোন গুরুত্ব নেই যদি না তোমার কল্পনা না থাকে । আর কল্পনা বাস্তবায়ন করার জন্য বই পড়তে হবে । বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে । বই পড়তে থাকলে একটা সময় দেখবে তুমি অন্য মানুষ থেকে আলাদা । বই পড়লে ভাল মনের মানুষ হবে । একসময় তোমরা দেশকে নেতৃত্ব দেবে ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালীটি শহরের প্রধান প্রধান শহর প্রদিক্ষণ করে । এরপর ফিলিস্তিনির উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । শিল্পকলায় আলোচনা অনুষ্ঠান শেষে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয় । এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।