রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে সব স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাত জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। ৪ ডিসেম্বর (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান এই ঘোষনা দেন।
রাজবাড়ী-১ আসনের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন,স্বপন কুমার সরকার, মো. ইমদাদুল হক বিশ্বাস, মো. আব্দুল মান্নান ও আশিশ আকবর সুবির।
রাজবাড়ী -২ আসনের বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মো. আব্দুল মালেক মন্ডল, নুরে আলম সিদ্দিকী ও এস এম ফজলুল হক।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ইমদাদুল হক বিশ্বাস সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তিনি রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।
স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবির আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এক শতাংশ ভোটের হিসাবের গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই কারণে স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস, মো. আব্দুল মান্নান মুসল্লী ও স্বপন কুমার সরকার ও রাজাবাড়ী-২ আসনের প্রার্থী নুরে আলম সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয় । আর ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়েছে রাজবাড়ী ২ আসনের মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল ও তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক।
নুরে আলম সিদ্দিকী রাজবাড়ী-২ আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
রাজবাড়ী-১ আসনের বৈধ প্রার্থীরা হলেন, তৃণমূল বিএনপির প্রার্থী সুলতান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী, জাকের পার্টির মোঃ আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান ও তৃণমূল বিএনপির ডি এম মজিবর রহমান।
রাজবাড়ী-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল আজম খান ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর প্রার্থী মো. আব্দুল মতিন মিয়া।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।
ইমদাদুল হক বিশ্বাস বলেন, আমার মনোনয়নপত্র সম্পূর্ণ অবৈধভাবে বাতিল করা হয়েছে । নিয়মানুযায়ী চার হাজার ৪৪ জন সমর্থকের তথ্য দেওয়া কথা। আমি চার হাজার ৩১২ জন সমর্থকের তথ্য দিয়েছি। আমি যেসব সমর্থকের তালিকা দিয়েছি তাদের শতভাগ তথ্য আমি প্রদান করেছি। আমার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য নয়। আমি এই আদেশের বিরুদ্ধে আপিল করবো। আপিলে আমার প্রার্থীতা ফিরে পাবো বলে আসাবাদী। এছাড়া বাতিল হওয়া অন্য প্রার্থীরাও এই আপিল করবেন বলে জানা গেছে।