শাজাহানপুর প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার জামায়াত নেতা আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৫) প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক জামায়াতে ইসলামী আড়িয়া ইউনিয়নের রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং খরনা ঈদগাহ জামে মসজিদের ইমাম হিসেবেও কর্মরত ছিলেন। তিনি রহিমাবাদ (বি ব্লক) উত্তর পাড়ার মৃত কচিমউদ্দিনের ছেলে।
আদালতে চলমান চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আবু বক্কর সিদ্দিক। এর মধ্যে সি.আর ২৬১৩/২৫ এবং সি.আর ২৬১৪/২৫ দুটি মামলার ওয়ারেন্ট সম্প্রতি আদালত থেকে ইস্যু হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকায় অভিযান চালিয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ রানা তাকে গ্রেফতার করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (সাংগঠনিক অফিস, বি-ব্লক, শাজাহানপুর) এক এজিএমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।
এ বিষয়ে আড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি এম এ হাদি ফিরোজ বলেন, এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মামলা। আবু বক্কর সিদ্দিক প্রতিষ্ঠানটির কর্মরত ছিলেন, তাই ব্যক্তিগতভাবে দায় আরোপ করা ঠিক নয়।
বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান দুলাল বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।