রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে কমরেড আবদুল হকের ৩০তম এবং কমরেড হেমন্ত সরকারের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখা ২ নং পৌর মিলেনিয়াম মার্কেটে তার নিজ কার্যালয়ে এই সভার আয়োজন করে।
জানা যায়, কমরেড আবদুল হক ও কমরেড হেমন্ত সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে একটি লাল পতাকার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদিক্ষণ করে। পরে ২নং পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে এসে শেষ হয়। এরপর মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি রবিউল আলম মিনু। জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অধ্যাপক আনিছুৃর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, জেলা কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক হান্নান মোল্লা চুন্নু, সহসভাপতি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাহাদুর খান, হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গনেশ বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, আব্দুল হক ছিলেন উপমহাদেশের কিংবদন্তী বিপ্লবী কমিউনিস্ট নেতা। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা-দালাল পুঁজিবাদবিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের আপসহীন মার্কসবাদী ও লেনিনবাদী নেতা। তিনি সকল প্রকার সুবিধাবাদ ও সংশোধনবাদীর বিরুদ্ধে লড়াই করে গেছেন। বর্তমান দেশের প্রেক্ষাপটে শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির লড়াইয়ে তার আর্দশের ভিন্ন কোন পথ নেই। তার মৃত্যু বার্ষিকীতে দেশের সকল মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে জাতীয় গণতান্ত্রিকি বিপ্লব সুসম্পন্ন করে সমাজতন্ত্র ও সাম্যবাদের পথে এগিয়ে যেতে হবে।