রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে প্রবাসী তুহিন ও মিরাজসহ অন্যান্যদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলা সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকায় প্রবাসীর মোফাজ্জলের বাড়ির সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, মোফাজ্জলের বাবা মো. সোরাপ সরদার, ভাই তোফাজ্জেল হোসেন, স্থানীয় মিজানপুর ইউপি সদস্য মো. সাজু প্রামাণিক, আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তার হোসেন, স্থানীয় মসজিদের ইমাম জিল্লুর রহমান, প্রতিবেশী সিরাজ শিকদার ও মোছাম্মাৎ মাজেদা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে সোনাকান্দর এলাকার বাসিন্দা ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়ির সামনে বহিরাগত কিছু মানুষ এসে জমায়েত হয়ে বাড়িতে হামলা করে। এ ঘটনার প্রতিবাদেই এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসী মোফাজ্জল কোনো মানবপাচারকারী নন। তিনি দীর্ঘদিন যাবত ইতালী প্রবাসে রয়েছেন। বিভিন্ন সময়ে এলাকার বিভিন্ন বাসিন্দারা তাকে ফোন দিয়ে বা তার পরিবারের কাছে তাদের বিদেশে নিয়ে যাওয়ার আবদার নিয়ে আসতো। তিনি যেচে কাউকে বিদেশ নিতে আগ্রহী ছিলেন না।
তারা বলেন, বিদেশ নিতে ব্যার্থ হওয়ায় সকলের টাকা ফেরত দিতে চান মোফাজ্জল। এ নিয়ে স্থানীয় সেনানিবাসে করা অভিযোগের ভিত্তিতে একটি শালিসি সমাধানও করা হয়। যেখানে বিভিন্ন মাসিক কিস্তিতে সকল পাওনা টাকা ফেরত দেওয়ার কথা সিদ্ধান্ত হয়। আমরা কিস্তিতে কিছু টাকা পরিশোধও করি। তবে তারা সে সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় কিছু মানুষের উস্কানীতে সেদিন মোফাজ্জলের বাড়িতে এসে হামলা করে। তারপর থেকেই মোফাজ্জলের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।
আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। এবং বাকি পাওনা টাকাগুলো ফেরত দেওয়ার জন্য উপযুক্ত সময় প্রত্যাশা করছি।