রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নছিমনের এক যাত্রীর মুত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত ব্যক্তির নাম আলমাস শেখ (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ছব্দুল খার পাড়ার করিম শেখের ছেলে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রাকের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন ট্রাকটি রাস্তার ধারে পরে যায়। এসময় নাটোর থেকে গোয়ালন্দগামী একটি যাত্রী বোঝাই নছিমন ট্রাকের নিচে পড়ে। এতে নছিমনে থাকা যাত্রীদের মধ্যে আলমাস নামে একজন ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সাভির্সের সদস্যরা ট্রাক থেকে সিমেন্ট খালি করে মরদেহটি উদ্ধার করে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তারা সকলেই কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহতের ঘটনায় আইনগত প্রকিয়া চলমান রয়েছে।