রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়ন, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, আট ঘণ্টা কর্মদিবস কার্যকরসহ সম্পাদিত সকল চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামি ১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতি সফল করার লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পৌর মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় জেলা গণতান্ত্রিক ফ্রণ্টের কার্যালয়ে এই কর্মীসভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক আব্দুর রহিম শেখ। এতে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রণ্ট রাজবাড়ী জেলা কমিটির সভাপতি রবিউল আলম মিনু, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মজুরি বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, গণেশ বিশ্বাস, বাবুল পাল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে দেশের শ্রমিক শ্রেণি ও শ্রমজীবী মানুষের মত হোটেল- রেস্টুরেন্ট শ্রমিকরা খেয়ে না খেয়ে, অভাব- অনটন ও দুঃখ-কষ্টে তাদের জীবন অতিবাহিত করছে। হোটেল মালিকরা তাদের মুনাফা বৃদ্ধি করতে ছাটাই, শ্রমঘণ্টা বাড়ানো সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু তারা হোটেল শ্রমিকদের নামে মাত্র মজুরি প্রদান করছে। আজ পর্যন্ত হোটেল শ্রমিকদের জন্য কোন নির্ধারিত মজুরি বাস্তবায়ন নেই। কোন কর্মঘণ্টা নেই। একজন শ্রমিককে দিনরাত হিসেব ছাড়া কাজ করতে হয়। কাজ করতে কোন নিয়োগপত্র প্রদান করা হয় না। মালিকের ইচ্ছা অনুযায়ি শ্রমিক ছাটাই করা হয়।
তারা বলেন, গত ৫ মে বর্তমান সরকার একটি নিম্নতম মজুরির গেজেট প্রকাশ করেছে। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। এই দাবি বাস্তবায়ন করার দাবিতে আমরা বিভিন্ন আন্দোলন করে যাচ্ছি। কিন্তু এই বিষয়ে কোন কর্ণপাত করছে না। তাই দাবি আদায়ে আগামি ১৪ জানুয়ারি দেশব্যাপী হোটেল শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। এই দিনে জেলার সকল হোটেল শ্রমিকদের কর্মবিরতি পালনের আহবান জানান তারা।