রাজবাড়ীতে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি জেলার একজন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর জেলার গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ে জেলার পাঁচটি উপজেলায় পাঁচজন শিক্ষককে নির্বাচিত করা হয়। এরপর এই পাঁচজনের মধ্যে একটি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগীতায় সবচেয়ে বেশি নম্বর পেয়ে মো. আব্দর রাজ্জাক জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হবে।
গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশকালে আব্দুর রাজ্জাক বলেন, জেলার মধ্যে গুণী শিক্ষক নির্বাচিত হওয়া শুধু আমার নিজের অর্জন নয়। এটি প্রতিষ্ঠানেরও অর্জন। আমি চাই যে গুণাবলীর দ্বারা আমি এখানে এসেছি সেটি যেন সকল শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দিতে পারি। এই প্রত্যয় নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।
সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস বলেন, প্রতিবছর শিক্ষা সপ্তাহে শেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হতো। এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গুণী শিক্ষকদের সংর্বধনা প্রদানের আয়োজন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার পর জেলা পর্যায়ে শিক্ষকগণ এই প্রতিযোগীতায় অংশ নিয়েছেন। এখানে যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকেই অনেকগুলো ধাপ পার হতে হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি।