রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় দুইটি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শারির ভিটা নামক একটি বাইচের নৌকা নদীতে তলিয়ে গেছে।
এছাড়া প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ১৪ জন। আহতরা সকলেই রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে রাজবাড়ী জেলা শহরের গোদারবাজার সংলগ্ন পদ্মা নদীতে বাইচের শেষ রাউন্ডে এই ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোদার বাজারে তিনদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতা চলছিল। শনিবার ছিল শেষের দিন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাড়িরভিটা এক্সপ্রেস ও নিউ জনতার সংগ্রাম নৌকার মধ্যে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়। একপর্যায়ে প্রতিযোগীতার শেষ দিকে এসে দুই নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাড়িরভিটা নামক নৌকাটি তলিয়ে যায়। এসময় নিউ জনতার সংগ্রাম নৌকার প্রতিযোগিরা বৈঠা দিয়ে সাড়ি ভিটা এক্সপ্রেস নৌকার উপর হামলা চালায়। এতে সাড়ির ভিটার ১৪জন প্রতিযোগী আহত হয়েছে বলে প্রতক্ষদর্শীরা জানান।
সাড়ির ভিটা একপ্রেসের স্বত্তাধিকারী তৈয়ব আলী বলেন, আমরা শেষ রাউন্ডে প্রতিযোগীতায় এগিয়ে ছিলাম। এসময় নিউ জনতার সংগ্রামের মাঝিরা তাদের নৌকা দিয়ে আমাদের নৌকা চাপা দেয়। এতে করে আমাদের নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় ডুবে যাওয়া নৌকার মাঝিদের উপর অতর্কিত বৈঠা দিয়ে হামলা চালায়। এতে করে আমার নৌকার অন্তত ১৪ জন মাঝি আহত হয়েছে।
জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহেল শফিক তমাল বলেন, হাসপাতালে আহত অবস্থায় বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকীদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে।
নৌকা বাইচ প্রতিযোগীতা আয়োজক কমিটির আহবায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল জানান, নৌকা বাইচ প্রতিযোগীতার শেষ রাউন্ডে মারামারি ঘটনা ঘটেছে। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেছে। তবে আয়োজকদের কোন ঘাটতি ছিল না।