“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম বিজ্ঞান মেলা-২০২৬ ও সেরা শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএমসি, পিটিএ ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয়ের প্রাঙ্গণে দুপুর ১২ টার দিকে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান নাছিমা আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, রাজবাড়ী পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. রেজাউল হোসেন খান।
মেলায় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৪টি স্টলে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী তুলে ধরা হয়। এ সময় জেলার সেরা ও গুণী শিক্ষক এবং কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ১৫০ জন শিক্ষার্থীকে গাছের চারা উপহার দেওয়া হয়।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি।